সারাদেশে জঙ্গী হামলার রেড এলার্ট চলাকালে নৌবাহিনী একটি কন্টিনজেন্ট কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৩টি বিদেশী স্নাইপার, গোলাবারুদ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বরত এলাকাসমূহে মাদক, অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও অপরাধ দমনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
আরো পড়ুনঃ জঙ্গি হামলা মোকাবেলায় কাজ করছে সিটিটিসি
এরই ধারাবাহিকতায় রবিবার দিবাগত রাতে নৌবাহিনী কন্টিনজেন্ট কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ও আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করেছে।

এমএ ওয়ান রাইফেল
পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
আইএসপিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য মোতাবেক বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসসহ দুটি সুসংগঠিত আভিযানিক দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় অভিযান পরিচালনা করে।

জিথ্রি রাইফেল
অভিযানকালে ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়ি তল্লাশি করে ২টি জিথ্রি রাইফেল, ১টি এমএ ওয়ান রাইফেল, আটটি ম্যাগাজিন এবং ১৯০ রাউন্ড তাজা গোলা ও ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ২৮,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
এই রাইফেলগুলো মায়ানমারের সেনাবাহিনী, সীমান্তরক্ষী ও বিদ্রোহী গ্রুপগুলো ব্যবহার করে।
টেকনাফসহ দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস ও অপরাধ দমন এবং অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সার্বিক নজরদারি বৃদ্ধিসহ জাতীয় নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনী দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে।