থাইল্যান্ডে স্কুটি দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে খায়রুল বাসার

Share

থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে স্কুটি দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেতা খায়রুল বাসার। পাহাড়ের ওপর শুটিং শেষে নিচে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি থেকে পড়ে আহত হয়েছেন তিনি। এ সময় স্কুটিটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি। দুর্ঘটনায় তিনিও আহত হয়েছেন। বর্তমানে দুজনই হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর থাইল্যান্ডের কোলান দ্বীপে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল থেকে গণমাধ্যমকে খায়রুল বাসার জানান, কয়েকটি নাটকের শুটিং করতে তারা থাইল্যান্ডে গিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী শুটিংও চলছিল। একটি নাটকের দৃশ্য ধারণের জন্য তারা কোলান দ্বীপের পাহাড়ি এলাকায় যান। সেখানে শুটিং শেষ করে স্কুটিতে করে পাহাড় থেকে নিচে নামার সময় হঠাৎ দুর্ঘটনাটি ঘটে।

বাসার বলেন, ‘আমরা নাটকের শুটিং করতে থাইল্যান্ড এসেছিলাম। কাজ ঠিকমতোই চলছিল। এর মধ্যে আমাদের একটি দৃশ্যের শুটিং ছিল কোলান দ্বীপে। এক পর্যায়ে আমরা পাহাড়ের ওপরে শুটিং করি। শুটিং ঠিকমতোই হয়েছে। কিন্তু নামতে গিয়ে হঠাৎ করে আমাদের স্কুটি নিয়ন্ত্রণ হারায়। সঙ্গে সঙ্গে আমরা পড়ে যাই।’

হঠাৎ দুর্ঘটনা ঘটায় শুরুতে কিছুই বুঝে উঠতে পারেননি তারা। ওই সময় শুটিং দলের অন্য সদস্যরা কিছুটা দূরে অবস্থান করছিলেন। পরে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আহত বাসার ও মেহেদী রনিকে উদ্ধার করেন।

নিজের শারীরিক অবস্থার বিষয়ে খায়রুল বাসার বলেন, ‘দুর্ঘটনায় আমার বুকে ব্যথা পেয়েছি, হাঁটুতেও আঘাত লেগেছে। হাঁটতেই কষ্ট হচ্ছে। এখন আমরা পাতায়ায় এসেছি। এখানে হাসপাতালে চিকিৎসা নেব। এই অবস্থায় শুটিং বাতিল করতে হয়েছে। আমার যে শারীরিক অবস্থা, তাতে শুটিং করা সম্ভব নয়।’

অভিনেতা জানান, দুর্ঘটনায় চিত্রগ্রাহক মেহেদী রনির শরীরের বেশ কিছু অংশ ছুলে গেছে। তাঁর আঘাত বাসারের চেয়েও গুরুতর বলে জানান অভিনেতা।

জানা গেছে, থাইল্যান্ডে একসঙ্গে কয়েকটি নাটকের শুটিং করতে গিয়েছেন খায়রুল বাসার। ঈদের পর দীর্ঘ বিরতি শেষে এবারই তিনি বিদেশে শুটিংয়ে অংশ নেন।

দুর্ঘটনার কারণে আপাতত নাটকগুলোর শুটিং বন্ধ রাখা হয়েছে। চিকিৎসা ও বিশ্রামের পর খায়রুল বাসার ও মেহেদী রনির শারীরিক অবস্থা বিবেচনা করে পরবর্তী শুটিংয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Related Articles

দেশের ২৩তম নতুন রাষ্ট্রপতি বরণে প্রস্তুত বঙ্গভবন

কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি-এ আলোচনার মধ্যেই বঙ্গভবনে শুরু হয়েছে নতুন রাষ্ট্রপতিকে...

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন, হিজবুল্লাহর বিরোধিতা

মৃত্যুদণ্ডের বিধান পুরোপুরি বাতিল করেছে লেবানন। দেশটির সংসদ কয়েক দফা সংশোধনের পর...

যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি, দাবি পাকিস্তানের

যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে কোনো ধরনের সমঝোতায় পৌঁছানোর কাছাকাছি রয়েছে বলে...

টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কী বললেন স্বামী সিদ্ধার্থ

চলচ্চিত্রের পর্দায় তারকাদের রোমান্স আর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ভক্তদের উন্মাদনা যেমন নতুন...