নতুন উদ্যোমে নকআউট পর্ব শুরু করতে মুখিয়ে আছে পর্তুগাল

Share

গ্রুপ পর্বের মলিনতা নিয়ে আলোচনা, সমালোচনা হয়েছে ঢের। মুখোমুখি হতে হয়েছে বাঁকা প্রশ্নের। পর্তুগাল কোচ রবের্ত মার্তিনেস এখন আর গ্রুপ পর্ব নিয়ে পড়ে থাকতে চান না। নকআউট পর্ব তিনি শুরু করতে চান নতুন উদ্দীপনা নিয়ে। ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচ সামনে রেখে তাই বললেন- বিশ্বকাপ শুরু হচ্ছে আগামীকাল থেকে!

টরেন্টোয় বাংলাদেশ সময় শুক্রবার ভোর পাঁচটায়, শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও পর্তুগাল। দুই দলই গ্রুপের রানার্সআপ হয়ে উঠে এসেছে নকআউট পর্বে।

ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ ড্রয়ে সাদামাটাভাবে গ্রুপ পর্ব শুরু করেছিল পর্তুগাল। সেই থেকে শুরু হয় সমালোচকদের তোপ দাগানো। উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার পর, তা কিছুটা কমেছিল, কিন্তু কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর ফের শুরু হয়। তবে, প্রতিকূল স্রোত পেরিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউটে উঠে আসে মার্তিনেসের দল।

এখন আর পেছন ফেরার সুযোগ নেই। গ্রুপ পর্বের মতো ভুল-ত্রুটি শুধরে নেওয়ার রাস্তাও বন্ধ। পা হড়কানো মানেই বিদায়। মার্তিনেসের তাই মনে হচ্ছে, ক্রোয়েশিয়া ম্যাচ দিয়েই আসল বিশ্বকাপ শুরু হচ্ছে তাদের।

“ঐক্য, মেধা এবং প্রতিশ্রুতি থাকার কারণে আমাদের দলটা খুবই শক্তিশালী। আমি আত্মবিশ্বাসী। যে তিনটা ম্যাচ ইতোমধ্যে আমরা খেলেছি, সেগুলো প্রস্তুতির অংশ ছিল; কঠিন মুহূর্তে আমরা দৃঢ়তা ও তীব্রতা দেখিয়েছি।

“যখন আপনি ভালো একটা পর্যায়ে থাকবেন, তখন জেতাটা যেমন গুরুত্বপূর্ণ, হারাটাও গুরুত্বপূর্ণ। কলম্বিয়ার বিপক্ষে না হারাটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। বিশ্বকাপ শুরু হচ্ছে, আগামীকাল থেকে।”

ক্রোয়াটদের বিপক্ষে বল দখলে রাখা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন মার্তিনেজ। লুকা মদ্রিচ, ইভান পালাসিচের মতো অভিজ্ঞরা থাকায় ক্রোয়াটদের নিয়ে সতর্ক পর্তুগিজ কোচ।

“ক্রোয়েশিয়া সবসময় এমন, তারা বল নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করে; ভীষণ প্রভাব রাখার মতো খেলোয়াড়দের নিয়ে টেকনিক্যালি দক্ষ দল। তারা কিছু কৌশলগত পরিবর্তনও এনেছে।

“ইংল্যান্ডের বিপক্ষে তারা খুবই উপরে উঠে খেলেছিল। পরে তারা বাস্তবমুখী হয়। আগামীকাল বল দখলে রেখে খেলাটা নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ হবে। বিস্ময়ের কিছু থাকবে না, কেননা, দুই দলই পরস্পরকে ভালোভাবে জানে।”

Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...