ট্রাম্পের ‘অর্থনৈতিক অভিযান’ যুক্তরাষ্ট্রের জন্য আরও পরাজয় ডেকে আনবে: আরাঘচি

Share

ভয়েস বাংলা ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে ঘোষণা করা অর্থনৈতিক নিষেধাজ্ঞার অভিযান প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন। ট্রাম্পের কথিত ‘ইকোনমিক ডি-ডে’কে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্যা থেকে মানুষের দৃষ্টি সরানোর একটি কৌশল বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, ওয়াশিংটনের ‘নজিরবিহীন ঋণ ও দ্রুত বাড়তে থাকা সুদের ব্যয়’ থেকে দৃষ্টি সরাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাল্টা হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘ব্যর্থ নীতিতে আরও জোর দেওয়া হলে তা শুধু আরও পরাজয় ডেকে আনবে।’

আরাঘচি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বিশ্ব অর্থনীতি ও বিশ্বের বিভিন্ন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করছে।

ইরান যুদ্ধ ছয় মাসে গড়িয়েছে। যুদ্ধ অবসানে কূটনৈতিক তৎপরতা চললেও সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে।
 
এদিকে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন ঘিরে দেশের ভেতর ট্রাম্পের ওপর চাপ বাড়ছে। কারণ যুদ্ধ ব্যয় মেটাতে মার্কিন ভোক্তারা চাপে পড়েছেন। এছাড়া ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সামরিক বাহিনীর ওপর চাপ ক্রমাগত বাড়তে থাকায় দেশে কঠোর সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প।
এমন পরিস্থিতিতে ইরানের অর্থনীতিকে লক্ষ্য করে এক নতুন বড় নিষেধাজ্ঞা অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। গতকাল বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আজ আমি কোনো দেশের বিরুদ্ধে এখন পর্যন্ত নেওয়া সবচেয়ে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা করছি! এটি হবে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ ও একঘরে অবস্থা।’
 
ট্রাম্প হুমকি দিয়ে আরও বলেন, ইরানকে সহায়তা করে বা দেশটির সঙ্গে ব্যবসা করে—এমন যেকোনো দেশকে ‘ভয়াবহ’ অর্থনৈতিক শাস্তির মুখে পড়তে হবে। তার ভাষায়, ‘যে দেশ তার আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, বিমানবন্দর বা সরকারি সংস্থাকে ইরানকে যেকোনো ধরনের সহায়তা দেওয়ার সুযোগ দেবে, সেই দেশকেও ভয়াবহ অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে।’
 
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও গত সপ্তাহে একই ধরনের কথা বলেছিলেন। তিনি বলেন, মার্কিন নৌ অবরোধের পাশাপাশি ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা শিগগিরই জোরদার করবে যুক্তরাষ্ট্র—এটি হবে দ্বিমুখী কৌশলের অংশ। রক্ষণশীল টেলিভিশন নেটওয়ার্ক নিউজম্যাক্সকে বেসেন্ট আরও বলেন, ‘এটি অর্থনৈতিক বিচ্ছিন্নতার এমন এক সমন্বিত উদ্যোগ হবে, যা বিশ্ব আগে কখনও দেখেনি।’ 

 

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...