বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, ফুটবল বিশ্বকাপ উদযাপনকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত

Share

ফুটবল বিশ্বকাপের খেলা দেখা ও জয় উদযাপনকে কেন্দ্র করে বিরোধের জেরে রাজধানীর আদাবরে বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যার তথ্য দিয়েছে পুলিশ।

ওই ঘটনায় বিএনপি আরেক নেতাকেও কুপিয়ে জখম করা হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে আদাবরের নবোদয় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল বাশার বাদশাহ স্থানীয় ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক। আর আহত সাদ্দাম হোসেন ওই ইউনিটের সভাপতি।

আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, আহত অবস্থায় দুজনকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক বাদশাহকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর-আদাবর জোন) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা বলেন, “গত পরশু ব্রাজিলের খেলা দেখা শেষে জয় উদযাপনকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়।

“সেই ঘটনার জেরে বুধবার স্থানীয় দুই বিএনপি নেতার ওপর হামলার ঘটনা ঘটে।”

তিনি বলেন, মঙ্গলবার সাদ্দাম আদাবর থানায় একটি লিখিত অভিযোগ করেছিলেন। তবে ঘটনার বিষয়ে বিভিন্ন পক্ষের বক্তব্য পাওয়া যাচ্ছে এবং সব তথ্য যাচাই করা হচ্ছে।

পুলিশের ভাষ্য, জাপানের বিপক্ষে ব্রাজিলের জয় উদযাপনের সময় স্থানীয় কয়েকজন কিশোর ঢোল ও বাঁশি বাজালে তা নিয়ে হাবিব নামে এক ব্যক্তির সঙ্গে নীরব নামের আরেকজনের বিরোধ হয়। অভিযোগ রয়েছে, তখন নীরবকে মারধর করেন হাবিব।

পরদিন একই ঘটনার জেরে সাদ্দাম নবোদয় বাজারে গিয়ে নীরবকে আবারও মারধর করেন বলে পুলিশ জানিয়েছে।

পরে স্থানীয় বিএনপি নেতাদের উদ্যোগে বিষয়টি মীমাংসার চেষ্টা হয়।

এর ধারাবাহিকতায় বুধবার নবোদয় বাজারে হাবিবের কার্যালয়ে সালিশ বসে। সালিশ শেষে সাদ্দাম ও তার সমর্থকদের সঙ্গে নীরব ও তার বড় ভাই রিপনের পক্ষের লোকজনের সংঘর্ষ বাঁধে।

একপর্যায়ে উভয় পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে সাদ্দাম ও বাদশাহকে কুপিয়ে আহত করা হয়।

পুলিশ জানিয়েছে, হাবিব স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। অন্যদিকে রিপন ও নীরব স্থানীয় বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিরাজের অনুসারী হিসেবে পরিচিত। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

 

Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...