স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান মিরসরাইয়ের রাজনৈতিক আন্দোলন সংগ্রামের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে রাজপথে সক্রিয় ছিলেন বিএনপির তৃণমূলের পরীক্ষিত নেতা শাহিদুল ইসলাম চৌধুরী। দীর্ঘ রাজনৈতিক পথচলায় আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকার কারণে তৃণমূলে তিনি পরিচিতি পেয়েছেন একজন অভিজ্ঞ ও সংগঠক হিসেবে।
ছাত্রদলের রাজনীতি দিয়ে পথচলা শুরু করে একসময় মিরসরাই উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন শাহিদুল ইসলাম। পরবর্তীতে উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়ে সংগঠনকে তৃণমূল পর্যায়ে সক্রিয় ও ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে বিএনপির কঠিন ও সংকটময় সময়ে মামলা,হামলা, রাজনৈতিক চাপ ও নানা প্রতিকূলতার মধ্যেও রাজপথে সক্রিয় থেকে নেতাকর্মীদের সংগঠিত রাখার চেষ্টা করেছেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক জীবনে মিরসরাইয়ের বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দলের সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন শাহিদুল ইসলাম। ফলে স্থানীয় বিএনপির রাজনীতিতে তৃণমূলের সঙ্গে তার দীর্ঘদিনের সাংগঠনিক যোগাযোগ রয়েছে বলে মনে করেন দলটির অনেক নেতাকর্মী।
২০২৬ সালের জাতীয় নির্বাচনেও চট্টগ্রাম-১ আসনে বিএনপির দলীয় মনোনয়নের অন্যতম দাবিদার ছিলেন তিনি। মনোনয়ন ঘিরে তার অনুসারী ও তৃণমূলের নেতাকর্মীদের মধ্যেও ছিল ব্যাপক প্রত্যাশা।
বর্তমানে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নতুন কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে তৃণমূলে আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে সক্রিয়, সাংগঠনিক অভিজ্ঞতা সম্পন্ন এবং দুঃসময়ে মাঠে থাকা নেতাদের নেতৃত্বে আনার দাবি উঠেছে দলের বিভিন্ন পর্যায় থেকে।
তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা দলের কঠিন সময়ে যারা রাজপথে ছিলেন, সংগঠনকে ধরে রেখেছেন এবং নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন, তাদের অভিজ্ঞতা ও ত্যাগকে মূল্যায়ন করা হবে। সেই বিবেচনায় শাহিদুল ইসলাম চৌধুরীর মতো দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন ও রাজপথের পরীক্ষিত নেতাকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চান তার সমর্থকরা।
তাদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততা এবং আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে শাহিদুল ইসলাম চৌধুরীকে উত্তর জেলা বিএনপির নেতৃত্বে যুক্ত করা হলে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার সুযোগ তৈরি হতে পারে।