মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।
বুধবার (৬ মে) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের বরাত দিয়ে তিনি বলেন, “মির্জা আব্বাস এখন শঙ্কামুক্ত। তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।“
আরো পড়ুনঃ মির্জা আব্বাস এখন আশংকামুক্ত
গত ১১ মার্চ ইফতারের সময় আকস্মিক অসুস্থ হয়ে জ্ঞান হারান ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। প্রথমে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়।
পরবর্তী সময়ে গত ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে তিনি পূর্ণ বিশ্রামে রয়েছেন বলে জানা গেছে।