১৩ দফা দাবিতে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের মহাসমাবেশকে ঘিরে ঢাকাসহ সারাদেশে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের জানান, শাপলা চত্বরে বা ঢাকার মধ্যে ৩২ জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই ৩২ জনের পরিচয় শনাক্ত হয়েছে, খবর বাসস-এর।
“এদের মধ্যে কয়েকজনের ময়নাতদন্ত হয়েছে। অনেকের হয়নি। এছাড়া পরদিন ৬ মে নারায়ণগঞ্জে ২০ জনের নিহত হওয়ার ঘটনা ঘটে। এই ২০ জনের পরিচয়ও শনাক্ত হয়েছে। একই দিন চট্টগ্রামে পাঁচজন নিহত হয়। আর কুমিল্লায় নিহত হয় একজন। সবমিলিয়ে এখন পর্যন্ত ৫৮ জনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আর তাদের সবারই পরিচয় শনাক্ত হয়েছে।“
আরো পড়ুনঃ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুমের ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে
চিফ প্রসিকিউটর আরও বলেন, “তদন্তের স্বার্থে এই মামলার আসামিদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আর আমাদের এ মামলাটির তদন্ত কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। এই মামলার ধার্য তারিখ আগামী ৭ জুনের মধ্যে তদন্ত শেষ হবে বলে আশা করছি।“
মো. আমিনুল ইসলাম বলেন, হেফাজতে ইসলামের সদস্যরা যারা খুনের শিকার হয়েছেন, প্রত্যেক নিহতের পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের পরিবারের সদস্যদের বক্তব্যও আমরা নিয়েছি। সবমিলিয়ে পর্যাপ্ত সাক্ষ্য আমরা পেয়েছি।
চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, হাসান মাহমুদ খন্দকার, বেনজীর আহমেদ, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এই মামলার আসামি হয়েছেন।