অনলাইনে বহুরূপী প্রতারণার ফাঁদ

Share

এখন সবার হাতেই ডিজিটাল ডিভাইস। প্রয়োজনীয় এই প্রযুক্তিপণ্য প্রয়োজনের আড়ালে কখনো কখনো জীবননাশ কিংবা সর্বস্বান্ত হওয়ার উপলক্ষ হয়ে উঠছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের উর্বর ভূমিকে কাজে লাগিয়ে ডিভাইসের স্ক্রিনে লাল-নীল-বেগুনি রঙের পরতে পরতে প্রতারণা আর ঠকে যাওয়ার সব আয়োজন চলছে। একটি চক্র ‘ভয়ংকর বহুরূপী’ ফাঁদ পেতে বসে আছে। লোভনীয় অফার, টাকা কামানোর চটকদার বিজ্ঞাপন আর ‘বন্ধু’ বানানোর ডালি সাজিয়ে বসে রয়েছে। সেখানে পা দেওয়ার পর শেষরক্ষা হচ্ছে না।

এখন এমন ঘটনা নিত্যনৈমিত্তিক। সিআইডির সাইবার পুলিশ সেন্টারের তথ্য বলছে, বর্তমানে প্রাপ্ত মোট অভিযোগের মধ্যে ৪৫.৫২ শতাংশই অনলাইন প্রতারণা। দ্বিতীয় অবস্থানে রয়েছে অনলাইন হয়রানি, যার হার ২৯.১৪ শতাংশ। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাকিংয়ের অভিযোগ ৬. ১৪ শতাংশ।

পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সহযোগিতা এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অনলাইন প্রতারণার মধ্যে ফিশিং (ভুয়া ই-মেইল, এসএমএস বা ওয়েবসাইটের মাধ্যমে পাসওয়ার্ড, ব্যাংক তথ্য বা ওটিপি সংগ্রহ করা), ভুয়া অনলাইন কেনাবেচা, সোশ্যাল মিডিয়াবিষয়ক প্রতারণা, বিনিয়োগ প্রতারণা, লটারি বা পুরস্কারের প্রতারণা ও রোমান্স স্ক্যাম অন্যতম।

সিআইডি সদর দপ্তর সূত্র জানায়, বর্তমানে সিআইডি সাইবার পুলিশ সেন্টারে ২৫৮টি মামলা, ৬৫১টি সাধারণ ডায়েরি (জিডি) এবং ৭২০টি অভিযোগ নিয়ে তদন্ত চলছে। এদিকে ঢাকা মহানগর পুলিশের ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট (উত্তর ও দক্ষিণ) প্রায় তিন হাজার ৭০০ সাইবারসংক্রান্ত জিডি তদন্ত করছে। এর বেশির ভাগই অনলাইনে প্রতারণাসংক্রান্ত। এ ছাড়া প্রায় ৫০০ সাইবারসংক্রান্ত মামলা তদন্ত করছে তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিবির সাইবার সাপোর্ট ভিকটিম সেন্টারে প্রতিদিন সরাসরি এসে ৩০ থেকে ৪০ জনের মতো ভুক্তভোগী অভিযোগ দিচ্ছেন। এ ছাড়া ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর ও দক্ষিণ) আলাদা করে বিভিন্ন থানা থেকে জিডি ও মামলা তদন্তের দায়িত্ব পাচ্ছে। সব মিলিয়ে দুই ইউনিটই ছয় শতাধিক জিডি, অভিযোগ ও মামলা পাচ্ছে। আর এসবের বেশির ভাগ আর্থিক প্রতারণা, সম্পর্ক তৈরি করে ব্ল্যাকমেইল এবং দুর্নাম রটানো সংক্রাস্ত।

ডিএমপি ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের (উত্তর) উপকমিশনার খালেদা বেগম বলেন, ‘সাইবার অপরাধের ধরন পাল্টাচ্ছে, আমরাও সেভাবে প্রতিটি ঘটনা শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নিচ্ছি। বর্তমানে আমাদের ইউনিটে দুই হাজার ২০০টির মতো জিডির তদন্ত চলছে, দ্রুতই এসব তদন্ত শেষ করা হচ্ছে। এ ছাড়া দুই শতাধিক মামলার তদন্ত চলছে। আমরা সাইবার অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের আওতায় আনছি।’

বদলে যাচ্ছে অপরাধের ধরন : সিআইডি ও ডিবি বলছে, গত এক বছরে সাইবার অপরাধের ধরন ও কৌশলে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আগের তুলনায় প্রযুক্তিনির্ভর আর্থিক প্রতারণা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক অপরাধের সংখ্যা বেড়েছে। অপরাধীরা প্রতিনিয়ত নতুন প্রযুক্তি ও নতুন পদ্ধতি ব্যবহার করায় তদন্ত সংস্থাগুলোকেও নিয়মিত নিজেদের সক্ষমতা বাড়াতে হচ্ছে।

এক বছরে প্রায় ১১ হাজার ৫৭০ অভিযোগ : সিআইডির তথ্য অনুযায়ী, গত এক বছরে সাইবার পুলিশ সেন্টারে প্রায় ১১ হাজার ৫৭০টি সাইবার অপরাধের অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ অভিযোগ ও মামলার নিষ্পত্তি হয়েছে, যা সাইবার অপরাধ তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছে সংস্থাটি।

তদন্তে বড় বাধা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম : সাইবার অপরাধ তদন্তে বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জের কথা জানিয়েছে সিআইডি। সংস্থাটির মতে, অপরাধ সংঘটিত হওয়ার পর দ্রুত প্রয়োজনীয় ডিজিটাল তথ্য সংগ্রহ করা অনেক সময় সম্ভব হয় না। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের ঘাটতিও তদন্তকে জটিল করে তোলে।

এ ছাড়া আইপি অ্যাড্রেস, ডিভাইসসংক্রান্ত তথ্যসহ বিভিন্ন প্রযুক্তিগত তথ্য সংগ্রহে সময় লাগে। সবচেয়ে বড় সমস্যার একটি হলো আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন—মেটা, গুগল, টেলিগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের দীর্ঘ ও জটিল প্রক্রিয়া।

আর্থিক ক্ষতি উদ্ধারে আদালতের মাধ্যমে ব্যবস্থা : সাইবার অপরাধে প্রতারণার শিকার হয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া ব্যক্তিদের অর্থ পুনরুদ্ধারের বিষয়ে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব জানান, এ ধরনের ঘটনায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হয়ে থাকে।

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের এডিসি মো. ওয়ালিউল ইসলাম বলেন, ‘সম্প্রতি দুই প্রতারককে গ্রেপ্তার করেছি। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন দেশে আকর্ষণীয় চাকরির বিজ্ঞাপন দিয়ে বিদেশে চাকরি নিশ্চিত করার আশ্বাস দিয়ে মেডিক্যাল ফি, ভিসা প্রসেসিং, ডকুমেন্ট ভেরিফিকেশন, টিকিটসহ বিভিন্ন খাতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ধাপে ধাপে অর্থ আদায় করত। বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য তারা ভুয়া ওয়ার্ক পারমিট, ভিসা অ্যাপ্রুভাল লেটার এবং অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটের আদলে তৈরি ভুয়া এলএমআইএ ও ভিসা ভেরিফিকেশন ওয়েবসাইট ব্যবহার করত। ওই ওয়েবসাইটে পাসপোর্ট নম্বর দিলে ভিসা অনুমোদনের ভুয়া বার্তা দেখানো হতো, ফলে অনেক ভুক্তভোগী সহজেই প্রতারণার শিকার হয়। চক্রটি অন্তত ৭২ জনের বেশি ভুক্তভোগীর সঙ্গে একই ধরনের প্রতারণা করেছে। জব্দ করা ডিজিটাল ডিভাইস পরীক্ষা করে ভুক্তভোগীদের তথ্য, মোবাইল ব্যাংকিং লেনদেনের আলামত এবং ভুয়া ভিসা সংক্রান্ত বিভিন্ন নথি পাওয়া গেছে। এই ধরনের চক্র ইদানীং বেড়ে গেছে।

ভবিষ্যৎ পরিকল্পনায় প্রযুক্তি ও দক্ষতার ওপর জোর : সাইবার অপরাধ মোকাবেলায় সিআইডি সদর দপ্তর কয়েকটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে আধুনিক সাইবার কল সেন্টার স্থাপন। নতুন প্রযুক্তি সংযোজন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি। তদন্ত কর্মকর্তাদের নিয়মিত বিশেষায়িত প্রশিক্ষণ। ডিজিটাল ফরেনসিক ও তদন্তে ব্যবহৃত যন্ত্রপাতি ও ডিভাইস আধুনিকায়ন এবং আন্তর্জাতিক সংস্থা ও প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি।

তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, শুধু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়। সাইবার অপরাধ প্রতিরোধে নাগরিক সচেতনতা বাড়ানো, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, দ্বি-ধাপ যাচাইকরণ (টু ফ্যাক্টর অথেন্টিকেশন) চালু করা এবং অপরিচিত লিংক বা অফারে সতর্ক থাকা জরুরি। একই সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা এবং দ্রুত তথ্য আদান-প্রদানের ব্যবস্থা শক্তিশালী করা গেলে সাইবার অপরাধ দমনে আরো কার্যকর ফল পাওয়া সম্ভব হবে।

টাঙ্গাইলের মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. উমর ফারুক বলেন, ‘সাইবার অপরাধ এখন শুধু প্রযুক্তিগত সমস্যা নয়, এটি অর্থনীতি, ব্যক্তিগত নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার জন্যও বড় হুমকি। তাই শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বৃদ্ধি, ডিজিটাল নিরাপত্তা চর্চা এবং দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করাই এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়।’

Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...