বঙ্গভবন ছেড়ে গুলশানের নিজস্ব ফ্ল্যাটে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

Share

পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ হয়েছিল ২৪ জুলাই। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবার সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে উঠেছেন গুলশানের নিজস্ব ফ্ল্যাটে। গতকাল বেলা ২টা ২৫ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবন থেকে বেরিয়ে যায়। ২টা ৫৮ মিনিটে সেই গাড়িবহর গুলশান-১-এর ১২৩ নম্বর রোডের ‘গ্রিন ভিলা’ ভবনের সামনে এসে থামে। গাড়ি থেকে নেমে তিনি সরাসরি লিফটে পঞ্চম তলার নিজস্ব ফ্ল্যাটে গিয়ে ওঠেন। এখন সপরিবার এ বাড়িতেই থাকবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হওয়ার আগেও তিনি এখানেই থাকতেন।

জানা যায়, গ্রিন ভিলায় সাবেক রাষ্ট্রপতির       আগমন উপলক্ষে গতকাল সকাল থেকেই এই ভবনের সামনের রাস্তার নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় বিভিন্ন পয়েন্টে পুলিশ, এপিবিএন, সেনাবাহিনী এবং এসএসএফ সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা যায়। আগের দুই দিন ওই বাড়িতে চলেছে সংস্কারকাজ। বসেছে নতুন টেলিফোন লাইন। এ ছাড়া ভবনের নিচতলার ওয়েটিং রুমটি নতুন করে রং করা হয়। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য তিনি নির্বাচিত হলেও তিন বছর তিন মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করেন। গতকাল বঙ্গভবন ছাড়ার মাধ্যমে তাঁর এই দীর্ঘ রাজকীয় অবস্থানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল। পদত্যাগের পরও নিয়ম অনুযায়ী আগামী ছয় মাস রাষ্ট্রীয় প্রটোকল-সুবিধা পাবেন সাবেক এ রাষ্ট্রপতি। তিনি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনডেন্ট, নির্ধারিত দাপ্তরিক ব্যয়, সরকারি অনুষ্ঠানে বিনামূল্যে যানবাহন ব্যবহার, বাসভবনে টেলিফোন সংযোগ, মন্ত্রীর সমপরিমাণ চিকিৎসাসুবিধা, কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের ভিতরে সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় থাকার সুবিধা পাবেন। এ ছাড়া ২০১৬ সালের ‘রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন’ অনুযায়ী মৃত্যুর আগপর্যন্ত তিনি সর্বশেষ প্রাপ্ত বেতনের ৭৫ শতাংশ হারে মাসিক অবসরভাতা পাবেন।

মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার ১৬ মাসের মাথায় অভাবনীয় এক পরিস্থিতির মধ্যে পড়েন তিনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা চলে যান ভারতে। দেশের এই সংকটের সময়েও তাঁকে রাষ্ট্রপতির দায়িত্ব সামাল দিতে হয়। এরপর রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় তিনি ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ও তাঁর নেতৃত্বাধীন সরকারের সদস্যদের শপথ পাঠ করান। সব শেষ গত ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বিজয়ী হলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং তাঁর মন্ত্রিপরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণও দেন। কিন্তু শেষ পর্যন্ত রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পৌনে দুই বছর বাকি থাকতেই নিজের স্বাস্থ্যগত অপারগতার কারণে গত শুক্রবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে দায়িত্ব থেকে ইস্তফা দেন।

Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...