যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফা আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রবিবার বিকেলে পাকিস্তানে পৌঁছেছেন।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএর বরাত দিয়ে আল–জাজিরা জানায়, পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ওমান থেকে পাকিস্তানে পৌঁছেন। গতকাল ইসলামাবাদ থেকে তিনি ওমান সফরে গিয়েছিলেন।
আরাগচি গতকাল ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন। আগামীকালও তিনি পাকিস্তানের এই দুই নেতার সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
পাকিস্তান থেকে রাশিয়া সফরে যাওয়ার কথা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির।
আরো পড়ুনঃ আসাদ ও তার সহযোগীদের বিচার শুরু করলো জোলানি
এদিকে শত্রুপক্ষ কোনো ধরনের ভুল হিসাব-নিকাশ করলে বা নতুন করে আগ্রাসন চালালে “প্রত্যাশার চেয়েও ভয়াবহ” পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) বরাতে এই তথ্য জানা গেছে।
এক বিবৃতিতে আইআরজিসি জোর দিয়ে বলেছে, ইরানের সশস্ত্র বাহিনীর “শক্তিশালী ও বুদ্ধিদীপ্ত নীরবতা” কোনোভাবেই তাদের দুর্বলতা নয়। এই সংযম যেকোনো মুহূর্তে “নারকীয় ঝড়ে” রূপ নিতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, “যুদ্ধবাজ ও প্রতিশ্রুতি ভঙ্গকারী শত্রু” যদি কোনো ধরনের ভুল করে বা নতুন করে আগ্রাসন চালায়, তবে তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের পক্ষ থেকে আসা এই কড়া হুঁশিয়ারি নতুন করে শঙ্কা তৈরি করেছে।