ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৪২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৬৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।
শুক্রবার (৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
নিয়াজ মেহেদী বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৪১ জন, লালবাগ বিভাগে ২৬ জন, ওয়ায়ী বিভাগে ৫২ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫৫ জন, মিরপুর বিভাগে ৯৭ জন, গুলশান বিভাগে ৩৯ জন, উত্তরা বিভাগে ৬৩ জন এবং গোয়েন্দারা ৩ জন গ্রেফতার করেন।
এসময় তাদের কাছ থেকে ৪৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৫ হাজার ২১৮ পিস ইয়াবা, ১৫ পুরিয়া হেরোইন, ৪ বোতল ফেনসিডিল, একটি চাপাতি, একটি চাকু, একটি রশি, ২টি প্যাথেডিন ইনজেকশন, ২৪টি মোবাইল ফোন, ২ জন ভিকটিম, মাদকদ্রব্য সেবনের সরঞ্জামাদি, বিভিন্ন প্রজাতির এক হাজার ১০৪টি প্রাণী, ৭৫ কেজি লেবু ও একটি মেমো উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।