দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেফতার

Share

দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল অব দ্য ফ্লিট ওয়াসান্থা কারান্নাগোদাকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন।

শুক্রবার (৩ জুলাই) তাকে গ্রেফতার করা হয়। অভিযোগ রয়েছে, ২০০৬ সালে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসার ছেলে যোশিথা রাজাপাকসাকে প্রয়োজনীয় যোগ্যতা ছাড়াই নৌবাহিনীতে নিয়োগ এবং বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করতে তিনি ক্ষমতার অপব্যবহার করেছিলেন।

২০১৯ সালে তাকে ‘অ্যাডমিরাল অব দ্য ফ্লিট’ পদে উন্নীত করা হলেও বর্তমানে তিনি নৌবাহিনীতে কোনো দায়িত্বে নেই।

যোশিথা রাজাপাকসাকে গত মাসে একই মামলায় গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। তার বিরুদ্ধে ব্রিটেনের ডার্টমাউথ নেভাল কলেজে সরকারি অর্থে প্রশিক্ষণ নেওয়ার অভিযোগ রয়েছে।

শ্রীলঙ্কার দুর্নীতি দমন কমিশন এক বিবৃতিতে বলেছে, যোশিথা রাজাপাকসার নিয়োগ ও প্রশিক্ষণে কারান্নাগোদা দুর্নীতির অপরাধ করেছেন।

এছাড়া কারান্নাগোদার বিরুদ্ধে যুদ্ধাপরাধ, গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগও রয়েছে। এসব অভিযোগের কারণে ২০২৫ সালের মার্চে ব্রিটেন তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

২০০৮ থেকে ২০০৯ সালের মধ্যে ১১ তরুণকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগেও তার বিরুদ্ধে মামলা রয়েছে। ২০২১ সালে মামলাটি প্রত্যাহার করা হলেও প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েক ক্ষমতায় আসার পর তা পুনরায় চালু করা হয়।

২০২৪ সালের সেপ্টেম্বরে দুর্নীতি দমন ও আলোচিত অপরাধের বিচার নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট দিসানায়েকে। এরপর থেকেই রাজাপাকসা পরিবার ও তাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে বিভিন্ন মামলার তদন্তে নতুন গতি এসেছে।

যোশিথা রাজাপাকসার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, তার বাবা মাহিন্দা রাজাপাকসা ক্ষমতায় থাকাকালে একটি বাড়ি কেনার অর্থের উৎস তিনি ব্যাখ্যা করতে পারেননি। তদন্তকারীদের তিনি দাবি করেন, তার খালার দেওয়া মূল্যবান রত্ন বিক্রি করে সেই অর্থ সংগ্রহ করেছিলেন। তবে ওই রত্ন কোথা থেকে এসেছে, তা খালা জানাতে পারেননি।

এদিকে, সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসার বিরুদ্ধে ২০১৯ সালের ইস্টার সানডে বোমা হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত মাসে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই হামলায় ২৭৯ জন নিহত হয়েছিলেন।

Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...