ইসরায়েল-লেবানন চুক্তি বাস্তবায়ন চান প্রেসিডেন্ট জোসেফ

Share

পাঁচ দফা আলোচনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে লেবানন-ইসরায়েল। শুক্রবার (২৬ জুন) ওয়াশিংটনে দুই পক্ষের মধ্যকার সমঝোতা চুক্তি হয়। সদ্য ঘোষিত চুক্তিকে (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) ‘মারাত্মক ভুল’ জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একই সঙ্গে নতুন চুক্তিকে ‘বাতিল ও অকার্যকর’ বলে ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ।

তবে, কাঠামোগত চুক্তি বাস্তবায়নে লেবানন সরকার দায়িত্ব পালন করবে বলে অঙ্গীকার করা হয়েছে। যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন রোধে কার্যকর ভূমিকা রাখবে এবং চুক্তির আওতায় গৃহীত সব প্রতিশ্রুতি বাস্তবায়ন নিশ্চিত করবে। শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপকালে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এ অঙ্গীকার করেন।

এদিকে, দক্ষিণ লেবাননের তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চল’ (সিকিউরিটি জোন) অবস্থান বজায় রাখার জন্য দেশটির সামরিক বাহিনীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। শনিবার (২৭ জুন) এক বিবৃতিতে কাটজ জানান, তিনি এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যৌথভাবে ইসরায়েলি সেনাবাহিনীকে (আইডিএফ) দক্ষিণ লেবাননের ওই ‘নিরাপত্তা অঞ্চলে’ দীর্ঘমেয়াদি উপস্থিতির প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।

এমন পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে চুক্তিকে লেবাননের সার্বভৌমত্বের আত্মসমর্পণ বলে আখ্যায়িত করেছেন হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম। লেবানন সরকারকে এই অবস্থান থেকে সরে এসে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের বিধান বাস্তবায়নের আহ্বান জানান হিজবুল্লাহ মহাসচিব।

শনিবার (২৭ জুন) এক বিবৃতিতে কাসেম বলেন, এই চুক্তির মাধ্যমে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহারের নিশ্চয়তা ছাড়াই ইসরায়েলকে রাজনৈতিক ছাড় দেওয়া হয়েছে। ফলে দক্ষিণ লেবাননের কিছু অংশে ইসরায়েলের দখলদারত্ব কার্যত বৈধতা পাবে এবং তা আরও কয়েক বছর দীর্ঘায়িত হতে পারে।

তিনি আরও বলেন, চুক্তিতে লেবাননজুড়ে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের সঙ্গে ইসরায়েলি সেনা প্রত্যাহারকে যুক্ত করা হয়েছে, যা ‘অত্যন্ত বিপজ্জনক’ এবং ‘সব লাল রেখা অতিক্রম করেছে’।

কাসেমের দাবি, এই কাঠামোগত চুক্তি পূর্ববর্তী যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের (MoU) তুলনায় দুর্বল। তার ভাষ্য অনুযায়ী, ওই সমঝোতায় লেবাননসহ সব ফ্রন্টে অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতি, লেবাননের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের নিশ্চয়তা এবং ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনার কথা ছিল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ ২০২৬ থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৪ হাজার ২৩০ জন নিহত এবং ১২ হাজার ১৭৯ জন আহত হয়েছেন।

 

Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...