দীর্ঘদিনের যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে ৪০ দিনের নতুন অভিযান শুরু করেছে ইউক্রেন। মস্কোর দখলে থাকা ক্রিমিয়ায় কয়েক সপ্তাহ ধরে জ্বালানি ও সামরিক স্থাপনায় ধারাবাহিক হামলা চালানোর পর এই ঘোষণা দিয়েছে ইউক্রেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি ইউক্রেনের নিরাপত্তা সংস্থা(এসবিইউ)-কে ৪০ দিনের একটি অভিযান পরিচালনায় গৃহীত পরিকল্পনা অনুমোদন দিয়েছেন। এর লক্ষ্য হচ্ছে রাশিয়ার ওপর চাপ বাড়িয়ে যুদ্ধের অবসান ঘটানো। এসবিইউ প্রধান মেজর জেনারেল ইয়েভহেনিই খমারার সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি এসব এসব তথ্য জানিয়েছেন বলে শুক্রবার (২৬ জুন) সংবাদ প্রকাশ করেছে ইউরো নিউজ ।
জেলেনস্কি বলেন, গত কয়েক মাস ধরে সম্মুখসারিতে ইউক্রেনের অবস্থান রক্ষায় বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করে সর্বোচ্চ দক্ষতার পরিচয় দিয়েছে এসবিইউ।
কী থাকবে এই অভিযানে?
ইউক্রেনের সামরিক পরিকল্পনা গোপন রাখায় জেলেনস্কি অভিযানটির বিস্তারিত প্রকাশ করেননি। তবে, তিনি সম্প্রতি রুশ দখলদার বাহিনীর জনবল ও সামরিক সরঞ্জামের ওপর সফল হামলার জন্য এসবিইউ-এর প্রশংসা করেন। বিশ্লেষকদের মতে, মধ্য ও দূরপাল্লার হামলার উল্লেখ থেকেই বোঝা যায়, আগামী দিনগুলোতে রাশিয়ার অভ্যন্তর ও অধিকৃত এলাকায় আরও ড্রোন হামলা বাড়তে পারে।