বিশ্ববাজারে ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

Share

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা শুরু করার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি বেড়েছে।

বুধবার (৮ জুলাই) দিনের লেনদেন শেষে দুই ধরনের প্রধান অপরিশোধিত তেলের দামই দুই সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি দেন এবং বলেন, ইরান যুদ্ধ বন্ধে হওয়া অন্তর্বর্তী চুক্তি (ইন্টারিম ডিল) কার্যত শেষ হয়ে গেছে। তবে তিনি পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা নাকচ করেন।

লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৫ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ০২ ডলারে দাঁড়ায়। পরবর্তী লেনদেনে তা আরও বেড়ে ৭৯ দশমিক ২৮ ডলারে পৌঁছায়। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৭৬ ডলারে ওঠে, যা আগের দিনের ৭৩ দশমিক ৫২ ডলার থেকে বেশি।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানো হচ্ছে। রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানান, মঙ্গলবারের তুলনায় এবার হামলার পরিধি আরও বড় হতে পারে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাস, আবু মুসা, বুশেহরসহ দেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

হরমুজ প্রণালিতে জাহাজে ইরানের হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ে। এর জেরে গত মাসে স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তির আওতায় ইরানের তেল বিক্রিতে দেওয়া নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তও বাতিল করে যুক্তরাষ্ট্র।

এদিকে, ইরান দাবি করেছে তারা বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর জবাবেই যুক্তরাষ্ট্র পাল্টা হামলা শুরু করেছে।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এ গুরুত্বপূর্ণ নৌপথে সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মঙ্গলবার দুটি তেলবাহী জাহাজে হামলার পর সামুদ্রিক নিরাপত্তা কর্তৃপক্ষ হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর জন্য নিরাপত্তা ঝুঁকির মাত্রা “অত্যন্ত গুরুতর” পর্যায়ে উন্নীত করেছে।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...