ঢাকা মেডিকেলে মারধর-অবরুদ্ধ, শান্তা ফারজানাসহ পুলিশ হেফাজতে ৬ জন

Share

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর নতুন ধারা বাংলাদেশের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ছয়জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

শাহবাগ থানা পুলিশ বলছে, নিরাপত্তার স্বার্থে তাদের হেফাজতে নেওয়া হয়েছে।

নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরাম নামের দুটি সংগঠনের মধ্যে দুই দফা মারামারি ও সংঘর্ষের ঘটনার মধ্যে মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটের দিকে অতিরিক্ত পুলিশি নিরাপত্তায় তাদের জরুরি বিভাগ থেকে বের করে থানায় নেওয়া হয়।

এসময় হাসপাতালের বাইরে অবস্থান নেওয়া রাষ্ট্র সংলাপ ফোরামের কিছু সদস্য ও সমর্থক তাদের লক্ষ্য করে আবারও হামলার চেষ্টা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

উভয় পক্ষ হামলার জন্য পাল্টাপাল্টি অভিযোগ এনেছে।

শাহবাগ থানার পরিদর্শক (অপারেশনস) মঈনুল ইসলাম খান পুলক বলেন, শান্তা ফারজানাসহ কয়েকজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হবে কি না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

পুলিশ হেফাজতে নেওয়া অন্যরা হলেন- নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল ও হরিদাস সরকার।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের নেতাকর্মীদের মধ্যে মারামারি হয়। রাত সাড়ে ৮টার দিকে আহতরা চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে গেলে সেখানে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বাধে।

এতে জরুরি বিভাগের চিকিৎসাসেবা দেড় ঘণ্টার বেশি সময় বন্ধ থাকে। পরে স্বল্প সময়ের জন্য সেবা চালু হলেও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় তা আবার ব্যাহত হয়।

শান্তা ফারজানার অভিযোগ, প্রেস ক্লাবের সামনে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। পরে চিকিৎসার জন্য হাসপাতালে গেলে ২০ থেকে ২৫ জনের একটি দল আবারও হামলা চালায়।

তবে আয়াস পাল্টা অভিযোগ করে বলেন, শহীদ আবু সাঈদ ও ধর্মীয় বিষয় নিয়ে নতুন ধারা বাংলাদেশের নেতাদের বক্তব্যের প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয়। হাসপাতালে গিয়েও তাদের ওপর হামলার চেষ্টা করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...