কাঁধে ব্যাগ নিয়ে স্টিয়ারিং হাতে কী বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী

Share

কড়া নিরাপত্তা, দীর্ঘ প্রটোকল আর জনসাধারণ থেকে দূরত্ব- ক্ষমতার সঙ্গে সাধারণত জড়িয়ে থাকে এমন ছবি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড সেই চিরাচরিত ধারণার বাইরে দিচ্ছে ভিন্ন এক রাজনৈতিক বার্তা।

ক্ষমতা গ্রহণের পরপরই নিরাপত্তা প্রটোকলের গাড়িবহর কমান। অফিস থেকে ফেরার সময় প্রায়ই দেখা যায় স্টিয়ারিং নিজের হাতে। পাশে থাকছেন কখনো স্ত্রী-কন্যা, কখনো এমপি-মন্ত্রী। ব্যাগ নিজের কাঁধে নিয়েই অংশ নিচ্ছেন সরকারি কর্মসূচিতে।

সরকারি কার্যক্রমেও অংশ নিচ্ছেন সাধারণ প্যান্ট-শার্ট পরে। তার সাদা শার্ট এরই মধ্যে আইকনিক ফ্যাশনে পরিণত হয়েছে। জিন্স-পলো টি-শার্ট আর কেডস পরে দেশের বিভিন্ন জেলায় ঘুরছেন অহরহ। প্রবল বর্ষণের মধ্যেও ছাতা নিজেই ধরে হাঁটছেন। স্ত্রী-কন্যাকে নিয়ে হুটহাট চলে যাচ্ছেন সিনেমা হলে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশি উদ্যোক্তার আবিষ্কার গো-কার্ট কিংবা কাভার্ডভ্যানও চালাতে দেখা গেছে প্রধানমন্ত্রীকে।

এসব দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি রাজনৈতিক অঙ্গনেও তৈরি করেছে নতুন আলোচনা।

প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই প্রায় ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়েছেন। গাড়ির সামনের আসনে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পেছনের আসনে ছিলেন ডা. জুবাইদা রহমান। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এমন দৃশ্য সচরাচার দেখা যায় না।

একজন নাগরিক হিসেবে তিনি নিজে গাড়ি চালাচ্ছেন নাকি তার চালক তাকে অফিসে নিয়ে যাচ্ছেন, সেটি মূল বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি জনগণের জন্য কী কাজ করছেন। তার এই স্বাভাবিক আচরণ সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।

এর আগে গত ৭ মে প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে যোগ দিতে সচিবালয় থেকে নিজেই গাড়ি চালিয়ে অনুষ্ঠানস্থলে যান প্রধানমন্ত্রী। বিভিন্ন সময়ে তার ব্যক্তিগত ও সরকারি সফরের ছবিতেও একই চিত্র দেখা গেছে। সচিবালয় থেকে ওসমানী উদ্যানের সব অনুষ্ঠানে তারেক রহমানকে হেঁটেই যেতে দেখা যায়। এমনকি জাতীয় সংসদ অধিবেশনে তিনি হাজির হন সাধারণ পোশাকে।

তবে মানুষের বেশি দৃষ্টি আকর্ষণ করেছে অন্য একটি বিষয়, সেটা হলো নিজের ব্যাগ নিজে বহন করা। সাধারণত রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানদের ব্যক্তিগত সামগ্রী বহনের জন্য আলাদা কর্মকর্তা বা সহকারী থাকেন। সেখানে প্রধানমন্ত্রীকে কাঁধে ব্যাগ নিয়ে স্বাভাবিকভাবে হাঁটতে দেখা অনেকের কাছেই ব্যতিক্রমী মনে হয়েছে।

এসব বিষয় প্রধানমন্ত্রীর শো-অফ, উদারতা, সাশ্রয়ী মানসিকতা নাকি দীর্ঘদিন প্রবাস জীবনের প্রাত্যহিক অভ্যাস তা নিয়ে আছে বিস্তর আলোচনা। তবে আলোচনা-সমালোচনা যাই থাক, বাংলাদেশের সংস্কৃতিতে এমনটা আগে খুব দেখা যায়নি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এসব বিষয় কেবল ব্যক্তিগত অভ্যাস হিসেবে দেখার সুযোগ নেই। কারণ, নেতৃত্বের প্রতিটি আচরণই এক ধরনের রাজনৈতিক বার্তা বহন করে। বিশেষ করে যখন সেই ব্যক্তি রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ দায়িত্বে থাকেন।

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান তার আচরণের মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার করছেন। তিনি সাধারণ মানুষের রাজনীতি করেন এবং সাধারণ মানুষের ভাবনা ধারণ করেন। ক্ষমতার শীর্ষে থেকেও সাধারণ মানুষের সঙ্গে সংযোগ বজায় রাখার রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে নতুন নয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মধ্যেও আমরা এর প্রতিফলন দেখেছি। মাওলানা ভাসানী কিংবা কমরেড মণি সিংহের জীবনাচরণেও সেই সরলতা ছিল।’

তারেক রহমান দীর্ঘদিন ধরেই গাড়ি চালাতে পছন্দ করেন জানিয়ে মোহন বলেন, ‘তবে একজন নাগরিক হিসেবে তিনি নিজে গাড়ি চালাচ্ছেন নাকি তার চালক তাকে অফিসে নিয়ে যাচ্ছেন, সেটি মূল বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি জনগণের জন্য কী কাজ করছেন। তার এই স্বাভাবিক আচরণ সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।’

প্রধানমন্ত্রীর পোশাক-পরিচ্ছদেও অনেকেই একই ধরনের বার্তা খুঁজে পান। ক্ষমতার সর্বোচ্চ আসনে বসার পরও তাকে প্রায়ই দেখা যায় সাধারণ শার্ট-প্যান্টে। যেখানে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ক্ষমতার প্রকাশ অনেক সময় বাহ্যিক আয়োজনের মাধ্যমে দৃশ্যমান হয়, সেখানে তার সাদামাটা উপস্থিতি একটি আলাদা রাজনৈতিক পরিচয় তৈরি করছে বলে মনে করেন পর্যবেক্ষকরা। শার্টের রং সব সময় থাকে সাদা। ইন করতেও খুব কম দেখা যায় প্রধানমন্ত্রীকে। অধিকাংশ সময় শার্ট ছেড়েই পরেন। প্রধানমন্ত্রীর মতো শার্ট পরে মাঝে আলোচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা হামীম। হামীমের মতো অনেকেই প্রধানমন্ত্রীর এ স্টাইল ফলো করছেন।

Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...