নিজেদের দিনে যে কোনো দলকে হারাতে পারি : শান্ত

Share

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়ার আগে শিরোপার স্বপ্নের কথা শুনিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। যদিও কাগজে কলমে সেটি করে দেখানো বা মাঠের খেলায় প্রমাণ করাটা কঠিনই। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখোমুখি টিম টাইগার্স।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন (বুধবার) অবশ্য বেশ ইতিবাচকই দেখাল বাংলাদেশ অধিনায়ককে।

দুবাইয়ে কাল রোহিত শর্মা-বিরাট কোহলিদের বিপক্ষে নামবে টাইগাররা। নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর সক্ষমতা রয়েছে বলে মনে করেন অধিনায়ক শান্ত। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক জানিয়েছেন দলের ব্যালেন্সের কথা। যদিও শান্ত এটাও বলেছেন যে প্রতিপক্ষ নিয়ে খুব বেশি না ভাবার কথা।

শান্ত বলছিলেন, ‘এই সংস্করণে আমাদের দলটা ব্যালান্সড। আমরা বিশ্বাস করি, এই টুর্নামেন্টে আমরা যে কোনো দলকে হারাতে পারি। সব দলই শিরোপা জয়ের সামর্থ্য রাখে। আর আমি এমন কেউ নই যে প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবি। নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আমরা যে কোনো দিন যে কোনো দলকে হারাতে পারি।’

ভারতের বিপক্ষে খেলার আগে শান্ত অবশ্য ২০২২ সালের সিরিজ জয়ের কথা টেনেছেন। যদিও পরক্ষণে জানালেন সেটা অতীত। ভারতের বিপক্ষে ম্যাচে অবশ্য পরিকল্পনা বাস্তবায়ন করার কথাতেই জোর দিচ্ছেন টাইগার অধিনায়ক।

তিনি বলছিলেন, ‘আপনি যদি খেয়াল করেন তাহলে ৮টি দলই ভালো মানের। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের সঙ্গে ভালো স্মৃতি আছে, সাম্প্রতিক সময়ে আমরা বেশ কিছু ম্যাচও জিতেছি। গত বছর (আসলে ২০২২) ভারতের বিপক্ষে দেশের মাটিতে ভালো স্মৃতি আছে। কিন্তু সেটা এখন অতীত। আগামীকাল যদি ভালো খেলতে পারি আর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে ভালো একটা ম্যাচ হবে।’

উইকেট ও কন্ডিশন নিয়ে শান্ত বলেন, ‘আমাদের (দুই ভেন্যুতেই) মানিয়ে নিতে হবে। এই উইকেট এত হাই স্কোরিং নয় পাকিস্তানের তুলনায়। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলেছি, অনুমান করতে পারি উইকেট কেমন হবে। যেখানেই খেলি উইকেট মানিয়ে নিয়ে খেলতে হবে। উইকেটকে কঠিন কিছু ভাবতে চাই না। ছেলেরা দুই ভেন্যুতেই ভালো করতে মরিয়া। যেখানেই খেলি অনেক সমর্থক আসেন। হারি বা জিতি। দর্শকরা খেলার অংশ। আশা করি কালও আসবেন, আমাদের সমর্থন করবেন।’

ভারতের জাসপ্রীত বুমরাহ না থাকা নিয়ে শান্ত বলেন, নির্দিষ্ট কাউকে নিয়ে আমি ভাবছি না। তাদের অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে।

Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...