কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৬৪

Share

কলম্বিয়ায় স্মরণকালের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। উদ্ভূত পরিস্থিতিতে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ধসে পড়া ভবনের নিচে আরও অনেকে আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

দেশটির ভূতাত্ত্বিক পরিষেবা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৪ মিনিটে চোকো প্রদেশে ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৪; কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০৩ কিলোমিটার গভীরে। পশ্চিম কলম্বিয়ায় শত শত মাইল বিস্তৃত এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়।

মৃতদের অনেকেই কলম্বিয়ার কফি উৎপাদনকারী অঞ্চলের শহর পেরেইরার বাসিন্দা। আশপাশের শহর এবং ভালে দেল কাওকা অঞ্চলও ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চোকো প্রদেশের সান হোসে দেল পালমার গ্রামের কাছে। তবে স্থানীয় মেয়র লেওন ফাবিও মারিন মোনকাদা জানিয়েছেন, সেখানে সড়ক ক্ষতিগ্রস্ত হলেও অলৌকিকভাবে কেউ হতাহত হননি।

কলম্বিয়ার অ্যাসোসিয়েশন অব ক্যাপিটাল সিটিজ সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পে ৪৮০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ৫৫ কিলোমিটার (৩৪ মাইল) দূরে পেরেইরা শহরেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

বিবিসি লিখেছে, শহরটির প্রধান চত্বর প্লাজা বলিভারে একটি ভবন ধসে পড়েছে। অনেক মানুষ যেখানে জড়ো হয়েছেন; ঘটনাস্থলের ভিডিওতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ ও ধুলা দেখা গেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল মহানগর এলাকায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন এবং ৬৫টি ভবন ধসে পড়েছে। এর মধ্যে ১৫টি ভবনে মানুষ আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে।

শহরের কিছু এলাকায় মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

পেরেইরা থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণে এবং ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে কালি শহরে ৩২টি ভবন ধসে পড়েছে।

২৯ বছর বয়সী ড্যান কাটলার লন্ডনের বাসিন্দা। সঙ্গীর সঙ্গে দীর্ঘ ভ্রমণের অংশ হিসেবে তিনি প্রায় দুই মাস ধরে কলম্বিয়ায় রয়েছেন এবং বর্তমানে কালিতে আছেন।

ভূমিকম্পে ঘুম ভেঙে যাওয়ার পর তিনি বিবিসিকে বলেন, “আমি এরকম কখনো অনুভব করিনি।”

তিনি বলেন, “আমরা পায়জামা পরেই দৌড়ে বাইরে চলে যাই। হোটেলের কাঠামোর বড় কোনো ক্ষতি হয়নি, তবে দেয়ালে ফাটল দেখা দিয়েছে এবং রং ও প্লাস্টার খসে পড়েছে।”

Related Articles

মিরপুরে বিএনপি কর্মীকে গুলি: ‘ল্যাংড়া’ রুবেল, বাপ্পাসহ গ্রেপ্তার ৫

রাজধানীর পল্লবীতে বিএনপি কর্মী আলমগীর হোসেনকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় মূল অভিযুক্ত...

হাতিয়ায় বিরিয়ানির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ল ৬ দোকান-ঘর

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায়ে খাবারের দোকানের গ্যাস সিলিন্ডারের আগুন ও বিস্ফোরণে পাঁচটি...

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির মধ্যে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে...

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ধর্মীয় সম্প্রদায়ের অবদান আছে বললেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ধর্মীয় সম্প্রদায়ের অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায়...