পবিত্র আশুরার প্রথম প্রহরেই রাজধানীতে শোক মিছিল ও মাতম করেছেন শিয়া মুসলিমরা। মূল আনুষ্ঠানিকতা শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত ১২টা ১ মিনিটে পুরান পল্টনের ইমামবাড়ার সামনের সড়কে জড়ো হন শত শত নারী-পুরুষ।
শোকাবহ পরিবেশে তারা ‘ইয়া হোসাইন, ইয়া হোসাইন’ ধ্বনি দিতে থাকেন। অনেককে শরীরে ব্লেড দিয়ে আঘাত করে রক্ত ঝরিয়ে মাতম করতে দেখা যায়। তাদের ভাষ্য, এর মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.)-এর প্রতি ভালোবাসা ও শোক প্রকাশ করা হয়।
অংশগ্রহণকারীরা জানান, শুক্রবার সকাল ১০টায় পুরান ঢাকার হোসেনি দালান থেকে মূল তাজিয়া মিছিল শুরু হবে। বিভিন্ন ইমামবাড়া থেকে শোভাযাত্রা নিয়ে অংশগ্রহণকারীরা সেখানে সমবেত হবেন। পরে মিছিলটি ধানমন্ডির জিগাতলা মোড় পর্যন্ত গিয়ে শেষ হবে।
তারা জানান, প্রতি বছরের মতো এবারও মহররমের প্রথম প্রহরে শোক কর্মসূচি পালন করা হচ্ছে।
হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.), তার পরিবারের সদস্য এবং অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম করতে গিয়ে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন।
সেই হৃদয়বিদারক ঘটনা স্মরণে প্রতি হিজরি সনের ১০ মহররম বিশ্বের মুসলিম সম্প্রদায় শোকাবহ এই দিনটি পালন করে।