সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোছা. আশিকা সুলতানার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২৬ জুন) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, মামলার মূল রহস্য উদ্ঘাটন, পলাতক আসামিদের শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের সম্পর্কে তথ্য জানতে আশিকা সুলতানার সাত দিনের পুলিশি রিমান্ড আবেদন করা হয়েছে।
মামলার এজাহার ও পুলিশের আবেদনে বলা হয়, গত ১৯ জুন সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর মডেল থানা এলাকায় নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মিরপুর টেকনিক্যাল মোড়ে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সেখান থেকে একটি সাদা রঙের পিভিসি ব্যানার উদ্ধার করা হয়। ব্যানারে লেখা ছিল, ‘বাংলাদেশ আওয়ামী লীগ গৌরব ও ঐতিহ্যের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকা মহানগর উত্তর’।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতার হওয়া সাবেক এমপি আশিকা সুলতানার নেতৃত্বে সেখানে সরকারবিরোধী বিক্ষোভ মিছিল বের করার পরিকল্পনা করা হয়েছিল। ওই মিছিলের মাধ্যমে বিভিন্ন স্লোগান দিয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টির চেষ্টা চালানো হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
এছাড়া পুলিশের অভিযোগ, আশিকা সুলতানা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে আর্থিকভাবে সহযোগিতা করে আসছিলেন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর ষড়যন্ত্রে জড়িত ছিলেন।