নীতি সুদহার কমালো বাংলাদেশ ব্যাংক, কার্যকর হবে ২ অগাস্ট থেকে

Share

প্রায় দুই বছর পর নীতি সুদহার কমালো বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতি ঘোষণার এক মাস পরে নীতি সুদহার দশমিক ৫০ শতাংশ পয়েন্ট কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ করা হল।

বৃহস্পতিবার মনিটারি পলিসি কমিটির (এমপিসি) বৈঠকে নীতি সুদহার পরিবর্তন বিষয়ে সিদ্ধান্ত হয়।

২ অগাস্ট থেকে এই নীতি সুদহার কার্যকর হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “অভ্যন্তরীণ ও বৈশ্বিক মূল্যস্ফীতি এবং দেশীয় বিনিয়োগ, বেসরকারি খাতে ঋণ প্রবাহ, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির শ্লথ গতিধারাসহ আন্তর্জাতিক লেনদেন ভারসাম্য সংক্রান্ত বিষয়ে বিশদ আলোচনা করেন (এমপিসি) সদস্যরা।

“সভায় অভ্যন্তরীণ ও বৈশ্বিক অর্থনৈতিক চলকসমূহের গতিপ্রকৃতি পর্যালোচনান্তে মুদ্রানীতির মূল হাতিয়ার হিসেবে বিবেচিত নীতি সুদহার বা রেপো রেট বিদ্যমান ১০ শতাংশ হতে ৫০ বেসিস পয়েন্ট হ্রাস করে ৯ দশমিক ৫০ শতাংশ পূনঃনির্ধারণ করা হয়।”

এছাড়াও স্ট্যান্ডিং লেন্ডিং ফেসিলিটি (এসএলএফ) বা কেন্দ্রীয় ব্যাংক থেকে স্বল্পমেয়াদে ব্যাংকগুলোর নেওয়া ঋণের সুদহার ১১ দশমিক ৫০ শতাংশ হতে ৫০ বেসিস পয়েন্ট বা শতাংশ পয়েন্ট কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে।

অবশ্য কেন্দ্রীয় ব্যাংকে রাখা ব্যাংকগুলোর আমানতের সুদহার করিডোরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি (এসডিএফ) হার আগের মতো সাড়ে ৭ শতাংশ বহাল রাখা হয়েছে।

বিএনপির নতুন সরকার ক্ষমতায় আসার পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টায় সংকোচনমূলক নীতি বহাল রেখে গেল ৩০ জুন পরবর্তী ছয় মাসের মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক, যেখানে নীতি সুদহার আগের মতই ১০ শতাংশ রাখা হয়েছিল।

চাহিদা কমে যাওয়ায় জুলাই-ডিসেম্বর সময়ের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হারও অনেক কমানো হয়। আগামী ডিসেম্বরের মধ্যে বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা জুন শেষে সাড়ে ৮ শতাংশ হওয়ার লক্ষ্য ধরা হয়েছিল। তবে গত এপ্রিল শেষে এ খাতে ঋণ বিতরণ বেড়েছে ৪ দশমিক ৭৫ শতাংশ হারে।

একই সঙ্গে নতুন মুদ্রানীতিতে আগামী ছয় মাসে সার্বিকভাবে অভ্যন্তরীণ ঋণ প্রবাহে প্রবৃদ্ধি ধরা হয়েছে ১০ দশমিক ৫ শতাংশ। আগের মুদ্রানীতিতে এ হার ছিল সাড়ে ১১ শতাংশ। এর বিপরীতে গত এপ্রিল শেষে প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৬৫ শতাংশ।

নতুন মুদ্রানীতিতে সরকারি ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২১ দশমিক ৮ শতাংশ। আগের মুদ্রানীতিতে এ হার ছিল ২১ দশমিক ৬ শতাংশ। এর বিপরীতে গত এপ্রিল শেষে ঋণ প্রবাহ ছিল ৩০ দশমিক ৩৭ শতাংশ।

মোস্তাকুর রহমান গভর্নরের দায়িত্ব নেওয়ার পর গেল মাসে কেন্দ্রীয় ব্যাংক প্রথম মুদ্রানীতি ঘোষণা করে, যেখানে সরকারের লক্ষ্য অর্জনের জন্য সহায়ক অর্থনৈতিক পরিবেশ তৈরি করার জন্য তারল্য নিয়ন্ত্রণের কৌশল সাজানো হয়েছে।

সরকারের আর্থিক পরিকল্পনা বাস্তবায়নে বছরের একটি নির্দিষ্ট সময়ে বাজারে কী পরিমাণ অর্থের সরবরাহ থাকবে, সেটির সম্ভাব্য পরিকল্পনা থাকে মুদ্রানীতিতে। বাংলাদেশ ব্যাংক ছয় মাস অন্তর মুদ্রানীতি ঘোষণা করে।

অন্তর্বর্তী সরকারের সময় গেল ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে ঘোষিত মুদ্রানীতির ধারাও ছিল সংকোচনমূলক, তখনও নীতি সুদহার ১০ শতাংশ ছিল।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ২০২২ সালের শেষ দিক থেকে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার বাড়াতে শুরু করে। তারপরও ২০২৪ সালে মূল্যস্ফীতি দুই অংক ছড়িয়ে যায় এবং ওই বছর জুলাই মাসে রেকর্ড ১১ দশমিক ৬৬ শতাংশে পৌঁছায়।

ওই মাস থেকে শুরু হওয়া শিক্ষার্ধীদের আন্দোলন পরের মাসে অভ্যুত্থানের রূপ নিলে ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর অক্টোবর নীতি সুদহার ১০ শতাংশ নির্ধারণ করে নতুন মুদ্রনীতি ঘোষণা করে, যা কার্যকর হয় নভেম্বরে।

তারপর নীতি সুদহার ১০ শতাংশ ঠিক রেখেই সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করে আসছিল বাংলাদেশ ব্যাংক। বিএনপি সরকারের সময় প্রথম মুদ্রনীতি ঘোষণা করার এক মাস পর নীতি সুদহার কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ব্যাংকের মনিটারি পলিসি কমিটি।

চলতি অর্থবছরে কমিটির প্রথম সভাটি গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে ব্যাংকের পর্ষদ কক্ষে অনুষ্ঠিত হয়।

সেখানে কমিটির সদস্য ও ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, অর্থনীতিবিদ মুস্তফা কামাল মুজেরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ-বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফিরদৌসি নাহার, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মোহাম্মদ আক্তার হোসেন নির্বাহী পরিচালক ইমাম আবু সাঈদ উপস্থিত ছিলেন।

Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...