ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে অবস্থিত ঐতিহাসিক আল-আকসা মসজিদের ইমাম শেখ মোহাম্মদ হুসেনকে আটক করেছে ইসরায়েল। শুক্রবার (১০ জুলাই) পবিত্র জুমার নামাজের পর তাকে আটক করা হয়। পরে তার ওপর আল-আকসা মসজিদ চত্বরে প্রবেশে এক সপ্তাহের নিষেধাজ্ঞা জারি করে দখলদার দেশটি।
ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জুমার নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদ থেকে জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেনকে আটক করে। এদিন তিনি জুমার খুতবা দেন ও নামাজে ইমামতি করেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, তাকে আটকের কারণ বা ইসরায়েলি বাহিনী তাকে কোথায় নিয়ে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।