মোদীর ছবিওয়ালা মুখোশ পরে স্মার্টফোনের দোকানে চুরি

Share

ভারতের রাজস্থানের একটি মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ভিলওয়ারা জেলার ওই দোকান থেকে চোরেরা প্রায় ৩০-৪০টি মোবাইল চুরি করে নিয়ে যায়। এরপর দোকানটির সামনের একটি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, চোরদের মধ্যে একজন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিওয়ালা একটি মুখোশ পরে আছেন।

সোমবার (২৯ জুন) মধ্যরাতের ওই ঘটনায় দোকানটি থেকে মোট ৪-৫ লাখ রূপির স্মার্টফোন চুরি হয় বলে জানা যায়। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।

দোকানের মালিক লক্ষণ সেন মঙ্গলবার (৩০ জুন) সকালে যখন দোকান খোলেন তখন তিনি বুঝতে পারেন তার দোকানে চুরি হয়েছে। তিনি দেখতে পান, মেঝেতে বিভিন্ন মালামাল ছড়ানো-ছিটানো রয়েছে এবং দামি দামি মোবাইলের বক্সগুলো খালি পড়ে আছে।

স্থানীয় কারেদা পুলিশ স্টেশনের হাউজ অফিসার পুরানমল মিনা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং চুরির স্থানটি পর্যবেক্ষণ করেছেন। পুলিশ দোকানটির ভেতরের এবং আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখতে পায় চোরদের মধ্যে একজন তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি থাকা একটি মুখোশ পরে আছে।

পুলিশ জানায় চোরদের ওই একই দল ওইদিন রাতেই বিজ গোদাম চৌরাহার আরেকটি মোবাইলের দোকানে চুরির চেষ্টা চালায়।

পুরানমল মিনা বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...