মোংলা বন্দরের আধুনিকায়নে চীনা অর্থায়ন

Share

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণে চীনের কাছ থেকে নেওয়া ৩৩ কোটি ৫০ লাখ ডলারের ঋণচুক্তি চলতি মাসেই সই হতে পারে। এসব জেটির মোট দৈর্ঘ্য হবে ৩৬৮ মিটার। এ ছাড়া নির্মাণ করা হবে ৮৭ হাজার ৬০০ বর্গমিটারের লোডেড কনটেইনার ইয়ার্ড; ৩৪ হাজার ১৭০ বর্গমিটারের খালি কনটেইনার ইয়ার্ড; ৪ হাজার ২৬০ বর্গমিটারের বিপজ্জনক পণ্য ব্যবস্থাপনা ইয়ার্ড। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে আটকে থাকা এ ঋণচুক্তি চূড়ান্ত করতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে সরকার। ঋণচুক্তি সইয়ের আগে প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো এখন শেষ করা হচ্ছে।

গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় এ প্রকল্প নিয়ে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি সই হয়। এর পরই ঋণ চুক্তি সম্পন্ন করার কার্যক্রম গতি পায়। তিনি বলেন, ঋণ চুক্তি সইয়ের জন্য কিছু নির্দিষ্ট প্রক্রিয়াগত বিষয় সম্পন্ন করা হচ্ছে। আশা করা হচ্ছে, চলতি মাসেই চুক্তি সম্পন্ন হতে পারে। মোংলা বন্দর সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পটি চলতি অর্থবছরের (২০২৬-২৭) বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য নৌপরিবহন মন্ত্রণালয় অর্থ বিভাগকে চিঠি দিয়ে প্রকল্পটির জন্য অর্থনৈতিক কোড বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে। চিঠিতে বলা হয়েছে, ইআরডি জানিয়েছে প্রকল্পটির ফ্রেমওয়ার্ক চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং চলতি মাসেই ঋণচুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

মোংলা বন্দর সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পটি গত বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পায়। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৮ কোটি টাকা।

প্রকল্প বাস্তবায়নে গত মার্চের শেষ দিকে মোংলা বন্দর কর্তৃপক্ষ এবং চীনের প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (সিসিইসিসি) মধ্যে চুক্তি সই হয়। এর আগে প্রকল্পের জন্য চীনা ঋণের আবেদন ইআরডি গত বছরের এপ্রিলের শেষ দিকে পাঠায়। তবে দীর্ঘদিন ঋণ অনুমোদন প্রক্রিয়া স্থগিত ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের পর এ বিষয়ে অগ্রগতি হয়। সফর শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বাংলাদেশ ও চীন মোংলা বন্দর সুবিধা আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল উন্নয়নে যৌথভাবে কাজ এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়।

মোংলা বন্দর সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পটি ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরের সময় চীনের অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়া ২৭টি উন্নয়ন প্রকল্পের একটি। প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ ২০২১ সালের আগস্টে চীনের সিসিইসিসির সঙ্গে সমঝোতা স্মারক সই করে। পরে প্রতিষ্ঠানটি ২০২৩ সালের ২৮ জানুয়ারি প্রকল্পের কারিগরি প্রস্তাব ও আর্থিক দরপত্র জমা দেয়। জেটি পরিচালনার জন্য প্রকল্পের আওতায় চারটি গ্যান্ট্রি ক্রেন, সাতটি রাবার-টায়ার্ড গ্যান্ট্রি ক্রেনসহ ৩৩ ধরনের প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বছরে প্রায় ৩ লাখ ৯৪ হাজার টিইইউ (২০ ফুট সমমানের কনটেইনার) বাড়বে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন জেটি চালু হলে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার অবকাঠামোগত সক্ষমতা বাড়বে। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্পায়ন, আমদানি-রপ্তানি কার্যক্রম এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি হবে।

 

Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...