নেতানিয়াহুকে ‘চরমপন্থী’ বললেন বিরোধীদলীয় নেতা

Share

সিরিয়ায় সাম্প্রতিক ইসরাইলি বিমান হামলার কঠোর সমালোচনা করেছেন দেশটির বিরোধী দল ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান। তিনি এই হামলাকে ‘উসকানিমূলক ও বিপজ্জনক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে তুরস্কের সঙ্গে ইসরাইল সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গোলান বলেন, ‘রাজনৈতিক স্বার্থে’ সামরিক শক্তি ব্যবহার করা হচ্ছে। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘চরমপন্থী ও অবিশ্বস্ত ব্যক্তি’ হিসেবে আখ্যা দেন।

গোলান আরও বলেন, নেতানিয়াহু ‘ইসরাইলের প্রতি আস্থা ক্ষয় করছেন’। তার মতে, এমন নেতৃত্ব প্রয়োজন যারা নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক শক্তি ব্যবহার করবে, রাজনৈতিক টিকে থাকার জন্য ‘আরেকটি যুদ্ধ’ তৈরি করবে না।

গত মঙ্গলবার (১৮ আগস্ট) সিরিয়ার ইদলিব প্রদেশের আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটিতে আটটি বিমান হামলা চালায় ইসরাইল। হামলায় বিমানঘাঁটির রানওয়ে লক্ষ্যবস্তু করা হয়। এতে বেশ ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় সিরিয়া ও আরব দেশগুলোর পাশাপাশি জর্ডান, যুক্তরাষ্ট্র ও তুরস্ক তীব্র নিন্দা জানায়।
 
আঙ্কারা সিরিয়ায় নিজেদের সামরিক ও কূটনৈতিক ভূমিকার পক্ষে অবস্থান নিলেও ইসরাইল সেখানে তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতিকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। হামলার পর দুই দেশের মধ্যে সিরিয়াকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে।

হামলা চালানোর পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, দামেস্ক ওই ঘাঁটিতে তুর্কি সেনা মোতায়েনের অনুমতি দেওয়ার কাছাকাছি চলে গিয়েছিল। ইসরাইল বারবার সতর্ক করেছিল, এমন পদক্ষেপ তাদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে বলেও জানান তিনি। তবে সিরিয়া ইসরাইলের এই দাবি নাকচ করে দিয়েছে।

জবাবে তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ অধিদপ্তর গত বুধবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে জানায়, সিরিয়ার ওই সামরিক বিমানবন্দরে হামলার বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেওয়া ব্যাখ্যা ভিত্তিহীন।

বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় যে অভিযোগগুলো সামনে এনেছে, সেগুলোর কোনো গ্রহণযোগ্যতা নেই। এসব অভিযোগ সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে লক্ষ্য করে চালানো ইসরাইলের বেআইনি বিমান হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা।’

তুরস্কের দাবি, ইসরাইলের এমন বক্তব্যের পেছনে রয়েছে নেতানিয়াহুর আঞ্চলিক ‘সম্প্রসারণবাদী ও অস্থিতিশীলতামূলক নীতি’ অব্যাহত রাখার চেষ্টা। দেশটিতে নির্বাচন সামনে রেখে এসব পদক্ষেপ আরও জোরদার করা হচ্ছে বলেও অভিযোগ করেছে আঙ্কারা।

তুরস্ক বলেছে, তারা মধ্যপ্রাচ্যে ‘টেকসই শান্তি প্রতিষ্ঠার’ পক্ষে। তবে এ জন্য নেতানিয়াহুকে আগ্রাসী নীতি পরিত্যাগ করে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে।

আঙ্কারার যোগাযোগ অধিদপ্তর আরও জানায়, সিরিয়ার সরকারের সঙ্গে বৈধ ও দায়িত্বশীল ভিত্তিতে সহযোগিতা অব্যাহত রাখবে তুরস্ক। একই সঙ্গে সিরিয়াকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা ঠেকাতে তারা ‘কখনোই অনুমতি দেবে না’।

সূত্র: সময় সংবাদ

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...