সোমবার, মে ২৫, ২০২৬

ডুয়েটে উপাচার্যের নিয়োগ ঘিরে শিবিরের তান্ডব

দুইদিন বিক্ষোভের পর রবিবার সকালে 'নতুন ভিসিকে লাল কার্ড' দেখানোর কর্মসূচির ডাক দেয় ছাত্রশিবির

by নিজস্ব প্রতিবেদক
Published: Updated:

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ প্রতিহত করতে গিয়ে ছাত্রদলের সাথে দিনভর সংঘর্ষে ৫ পুলিশসহ ২০ জন আহত হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার সরকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

নিয়োগের পরপরই ছাত্রশিবির এই সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলনে নামে। তাদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন। তাই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত। সেদিন সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তাঁরা ঢাকা–শিমুলতলী সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

গত শুক্রবারও শিবিরের নেতৃত্বে বিভিন্ন বিভাগের একদল শিক্ষার্থীর অংশগ্রহণে আন্দোলন অব্যাহত থাকে। আন্দোলনকারীরা নতুন উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ব্যানার টানিয়ে দেন।

এরই ধারাবাহিকতায় রবিবার সকালে “নতুন ভিসিকে লাল কার্ড” দেখানোর কর্মসূচির ডাক দেয় ছাত্রশিবির। সকাল থেকেই তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা ফটকে তালা ঝুলিয়ে দেন।

আরো পড়ুনঃ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে উত্তাল চট্টগ্রাম সিটি কলেজ

সকাল ১০টার দিকে নতুন উপাচার্য মোহাম্মদ ইকবাল ক্যাম্পাসে পৌঁছানোর আগেই প্রধান ফটকের সামনে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থী ও বহিরাগতরা। পরে তাঁকে স্বাগত জানাতে ছাত্রদল–সমর্থিত শিক্ষার্থীদের একটি পক্ষ ফটক খুলে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা, ইটপাটকেল নিক্ষেপ ও পরে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের এক পর্যায়ে ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেওয়া শিবিরকর্মীরা বাইরে থাকা ছাত্রদলের শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। এ সময় প্রধান ফটকের সামনে আগুন জ্বালানো হয় এবং ককটেল বিস্ফোরণের শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টা ধরে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া চলে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফা কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

সংঘর্ষে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া উভয় পক্ষের অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। আহত ব্যক্তিরা গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আরো পড়ুনঃ শাহ আলী মাজারে হামলার ঘটনায় ৩ জন রিমান্ডে

এ ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে বল হয়, সাধারণ শিক্ষার্থীর ছদ্মবেশে ছাত্রশিবির–সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিকল্পিতভাবে ডুয়েট ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাইরের শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া নতুন কোনো বিষয় নয়। কিন্তু এই ইস্যুকে কেন্দ্র করে একটি পক্ষ পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এ ঘটনার নিন্দা জানিয়েছেন বলেও উল্লেখ করা হয়।

আরো পড়ুনঃ পাকিস্তানে বিনামূল্যে পড়ার সুযোগ পাবে ৫০০ বাংলাদেশি

অন্যদিকে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ এক বিবৃতিতে দাবি করেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদল, যুবদল ও বহিরাগত ব্যক্তিরা সংঘবদ্ধ হামলা চালিয়েছেন। তাঁর অভিযোগ, বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা–কর্মচারীরাও এ হামলায় অংশ নেন। শান্তিপূর্ণ কর্মসূচিতে দেশি অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।

এদিকে উত্তেজনাকর পরিস্থিতির পর বিকেলে দায়িত্বে যোগ দিয়েছেন নতুন উপাচার্য মোহাম্মদ ইকবাল।

ডুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবু তৈয়ব বলেন, সংঘর্ষের সময় নতুন উপাচার্য নিরাপদে ছিলেন। বিকেলে সাবেক উপাচার্য জয়নাল আবেদীনের কাছ থেকে নতুন উপাচার্য আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

You may also like