রবিবার, মে ২৪, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীঃ রামিসা হত্যায় চার্জশিট রবিবার

মামলার বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বিশেষ পাবলিক প্রসিকিউটর (এসপিপি) নিয়োগ দিয়েছে সরকার

by নিজস্ব প্রতিবেদক

সাত বছর দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় এক মাসের মধ্যে আসামীর সর্বোচ্চ শাস্তির প্রধানমন্ত্রীর আশ্বাসের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রবিবার বিকালেই এই মামলার চার্জশিট আদালতে জমা দেবে পুলিশ।

শনিবার ময়মনসিংহের ত্রিশালে সাংবাদিকদের সাথে আলাপকালে এই ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এই মামলার বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বিশেষ পাবলিক প্রসিকিউটর (এসপিপি) নিয়োগ দিয়েছে সরকার। শনিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ৪৯২ ধারার বিধান মতে. ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন পল্লবী থানার মামলা নং-৩৫ (তারিখ : ২০/০৫/২০২৬ ইং) রাষ্ট্রপক্ষে পরিচালনার জন্য অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ করা হলো।

এর আগে মন্ত্রী দ্রুততম সময়ে আইনি ব্যবস্থার আশ্বাস দেন এবং প্রধানমন্ত্রীর সাথে রামিসার পরিবারের সাথে দেখা করেন। তবে জামায়াতসহ বিভিন্ন ধর্মভিত্তিক দলের দাবি মোতাবেক আসামীকে প্রকাশ্যে মৃত্যুদন্ড দেয়া এবং শরীয়া আইনের বিরোধিতা করে বক্তব্য দেয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরো পড়ুনঃ ১ মাসের মধ্যে রামিসা হত্যায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর

সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে শরীয়া আইনের দাবি তুললেও, মন্ত্রী এটিকে মধ্যযুগীয় বলে আখ্যা দেন এবং বিদ্যমান আইনের আলোকে তার মন্তব্য তুলে ধরেন।

শুক্রবার তার এই বক্তব্যের প্রতিবাদে বিবৃতি দেয় জামায়াত, যাদের বিভিন্ন ইউনিট থেকে দিনভর বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়।

অন্যদিকে শনিবার রামিসা হত্যা মামলায় দ্রুততম সময়ে আসামীর সাজা নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন আইনমন্ত্রী ও তথ্যমন্ত্রী।

মঙ্গলবার সকালে ঘটে যাওয়া মর্মান্তিক এই হত্যাকান্ডের কয়েক ঘন্টার মধ্যেই আসামী সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বুধবার সে আদালতে জবানবন্দি দেয়। তার স্ত্রী আক্তারকেও পুলিশি হেফাজতে নেয়া হয়। তবে সোহেল রানার আরেক সহযোগীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

You may also like