সোমবার, মে ২৫, ২০২৬

মাগুরায় স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ৫ জন গ্রেফতার

by নিজস্ব প্রতিবেদক

এবার মাগুরার শ্রীপুরে সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছরের এক স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলো—মো. সৌরভ (২১), অনিক (১৯), রানা বিশ্বাস (২০), নয়ন শেখ (১৯), মো. হুসাইন (২০)। তারা সবাই শ্রীপুর থানার বাসিন্দা। তাদের আসামি করে শ্রীপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রীর মা।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে সৌরভ। গত ৪ মে সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর ট্যাম্পু স্ট্যান্ড এলাকা থেকে ছাত্রীকে তুলে নিয়ে যায় সৌরভ ও তার সহযোগীরা। পরে উপজেলার খড়িচাইল গ্রামে কলাবাগানে নিয়ে সৌরভ ও তার সহযোগীরা পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে তারা। ঘটনার কথা কাউকে জানালে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীকে জিম্মি রাখা হয়।

আরো পড়ুনঃ ১ মাসের মধ্যে রামিসা হত্যায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর

এতদিন ভয়ে ছাত্রী ও তার পরিবার বিষয়টি গোপন রাখে। গত ১৯ মে ফেসবুকে ধর্ষণের সেই ভিডিও ছড়িয়ে দেয় অভিযুক্তরা। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ২২ মে শ্রীপুর থানায় পাঁচ জনকে আসামি করে মামলা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “মামলার পর অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।“

You may also like