জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি–সাধারণ সম্পাদকসহ আটজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।
শুক্রবার রাতে ঝিনাইদহ সদর থানায় হওয়া মামলায় অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোকুল চন্দ্র অধিকারী মামলার তথ্য নিশ্চিত করেছেন। এনসিপির নেতা তারেক রেজা বাদী হয়ে এই মামলা করেন।
মামলার আসামিরা হলেন জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহসভাপতি নয়ন হাওলাদার, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, পৌর ছাত্রদলের সহসভাপতি মোবারক হোসেন, পৌর ছাত্রদলের নেতা হাদু ও আরাফাত হোসেন।
আরো পড়ুনঃ জামায়াতকে নিয়ে বিএনপি কর্মীদের সতর্ক করলেন আমিনুল
এদিকে এই মামলার প্রতিবাদে রাত ৯টার দিকে শহরে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতা–কর্মীরা। বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি সদর থানার সামনে এলে উত্তেজনা দেখা দেয়।
তাঁরা থানার মধ্যে থাকা নাসীরুদ্দীনকে বের করে দেওয়ার দাবি জানান। এ সময় ভেতরে প্রবেশ করতে না পেরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে নেতা–কর্মীরা শহরের পায়রা চত্বরে সমাবেশ করেন। সেখানে ছাত্রদলের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন।
এর আগে শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের পুরোনো কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ পড়ে বের হওয়ার সময় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।
এ ঘটনায় নাসীরুদ্দীনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
হামলার ঘটনার বিষয়ে বেলা ৩টা ১০ মিনিটে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়েছে।
আরো পড়ুনঃ জামায়াতঃ প্রকাশ্য মৃত্যুদন্ডকে মধ্যযুগীয় বলে স্বরাষ্ট্রমন্ত্রী রাসুলকে অবমাননা করেছেন
এতে বলা হয়েছে, “ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা পুলিশের উপস্থিতিতে হামলা শুরু করে। প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে এবং এনসিপির যুগ্ম সদস্য তারেক রেজাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়।”
হামলাকারীরা মুঠোফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে অভিযোগ করে ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন বলেন, “ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।”
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে দাবি করেন, ঝিনাইদহে জুমার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে। তিনি আরও জানান, হামলায় কয়েকজন রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ঘটনা নিয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে অভিযোগ করেন, ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারী, তারেক রেজাসহ এনসিপির নেতাদের ওপর বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।