মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। আগামী কোরবানির আগেই তিনি দেশ ফিরতে পারেন।
মঙ্গলবার (৫ মে) বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।
প্রসঙ্গত, গত ১১ মার্চ ইফতারের সময় আকস্মিক অসুস্থ হয়ে জ্ঞান হারান ঢাকা-৮ আসনের এমপি মির্জা আব্বাস। প্রথমে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়।
মির্জা আব্বাসের পারিবারিক সূত্র জানায়, গত ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসনকেন্দ্রে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে বর্তমানে পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি।