আগে হেরেছি, সেটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা : ক্যারিবীয় অধিনায়ক

Share

বছর তিনেকের ব্যবধানে দ্বিতীয়বার বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ২০১৮ সালে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলে গেছে ক্যারিবীয়রা। সেই সফরে টি-টোয়েন্টি সিরিজ তারা জেতে ২-১ ব্যবধানে, ওয়ানডে সিরিজে হারে একই ব্যবধানে। আর টেস্টে পুরোপুরি ধরাশায়ী হয়ে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবে ক্রেইগ ব্রাথওয়েটের দল।

এবারের সফরটি তারা শুরুই করেছে ওয়ানডে সিরিজ দিয়ে। যেখানে তিন ম্যাচের একটিতেও হালে পানি পায়নি সফরকারিরা। দাপুটে জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে টেস্ট সিরিজ শুরুর আগে ইতিবাচক ফলের খোঁজে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ দল।

আর এক্ষেত্রে আগের নেতিবাচক ফল তথা, পরাজয়গুলোই অনুপ্রেরণার বড় জায়গা বলে মনে করেন ক্যারিবীয়দের টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। বাংলাদেশ দল স্পিন আক্রমণে ভয়ঙ্কর হলেও, নিজেদের পরিকল্পনা ঠিক রেখে এগিয়ে যেতে আত্মপ্রত্যয়ী ক্যারিবীয় অধিনায়ক। মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এ কথা জানান ব্রাথওয়েট।

তার ভাষ্য, ‘আমরা এখানে সবশেষ সিরিজ হেরেছি। যেটা আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমি তাদের (সাকিব-মিরাজ) বিপক্ষে আগেও খেলেছি। তবে আমাদের বেশ কয়েকজন তাদের মোকাবিলা করেনি। আমরা ভিডিও ফুটেজ দেখেছি এবং একজন ব্যাটসম্যান হিসেবে বলবো, আমাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।’

সেই পরিকল্পনার কথা জানিয়ে ব্রাথওয়েট বলেন, ‘আমাদের ইতিবাচক থাকতে হবে, স্ট্রাইক রোটেট করে খেলতে হবে, মাঝেমধ্যে আক্রমণাত্মক হতে হবে। তারা অবশ্যই কোয়ালিটি স্পিনার। তবে আমি মনে করি, আমাদের রান করার সামর্থ্য আছে। আমি ব্যাটসম্যানদের পাশে আছি। ছেলেরা পরিশ্রম করেছে। আমরা সবাই চ্যালেঞ্জের অপেক্ষায় আছি।’

ক্যারিবীয়দের পরিকল্পনা বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার প্রতি পূর্ণ সমীহ থাকলেও, সাকিব জুজুতে মারা পড়তে চায় না ওয়েস্ট ইন্ডিয়ানরা। এ বিষয়ে ইতিবাচকতার দিকেই জোর দিলেন সফররত দলের অধিনায়ক।

সাকিবের ব্যাপারে ব্রাথওয়েট বলেন, ‘সে (ওয়ানডে সিরিজে) দারুণ বোলিং করেছে এবং ব্যাট হাতেও সাবলীল ছিল। আমরা সবাই জানি, সে বিশ্বমানের খেলোয়াড়। আমি তার ফুটেজ দেখেছি। আমাদের ব্যাটসম্যানদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, সেগুলোর ওপর ভরসা রাখতে হবে। মাঠে নেমে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে। কখনও নিজেদের পরিকল্পনায় সন্দেহ করা যাবে না। আমরা জানি সাকিব বিশ্বমানের বোলার। তবে আমরা আগেও এমন প্রতিপক্ষের বিরুদ্ধে রান করেছি।’

Related Articles

বিশ্বকাপে এবারের স্বপ্নসারথি

নরওয়ে শেষবার যখন ১৯৯৮ সালের বিশ্বকাপে খেলেছিল, তখন আরলিং হালান্ডের জন্মও হয়নি।...

প্রথম বিশ্বকাপেই অঘটন কেপ ভার্দের

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এইচ’-এর প্রথম ম্যাচেই বড় ধরনের অঘটনের জন্ম দিলো...

বোলারদের প্রশংসায় লিটন, পরিশ্রমের ফল পেলেন তাসকিন

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয় পেল বাংলাদেশ। নেদারল্যান্ডসকে মাত্র ৮ উইকেটে হারিয়ে...

ভয় কাটিয়ে জোড়া গোলে মায়ামিকে ফাইনালে নিলেন মেসি

ইনজুরির কারণে গত দুই ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। ইন্টার মায়ামির শেষ...